জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল বুধবার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হবে। এরপরই শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ড ও প্রতিষ্ঠানের মাধ্যমে ফলাফল জানতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশের মোট ৪৫ হাজার ২০০ জন শিক্ষার্থীকে জুনিয়র বৃত্তি প্রদান করা হবে। মেধার ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ এবং ‘সাধারণ’- এই দুই ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্দিষ্ট কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর দেশের ৬১১টি কেন্দ্রে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক সূচি অনুযায়ী ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সেই স্থগিত পরীক্ষা এ বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের দিন সার্ভারে চাপ এড়াতে শিক্ষার্থীরা দুইভাবে রেজাল্ট দেখতে পারবে: 
১. অনলাইন পদ্ধতি (Online Method): প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

২. এসএমএস পদ্ধতি (SMS Method): মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

FJ
আরও পড়ুন