ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

২০২৬ সালের ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। মানবিক দিক বিবেচনা এবং ভবিষ্যতে পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশন-সংক্রান্ত জটিলতা এড়াতে এই সুযোগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধীনে থাকা মাদরাসাগুলোর যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তারা এখন নিজ নিজ মাদরাসার মাধ্যমে অনলাইনে নিবন্ধনের সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত ফির সঙ্গে বিলম্ব ফি পরিশোধ করতে হবে।

বোর্ডের নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশন ফি (বিলম্ব ফিসহ) জমা দেওয়ার বর্ধিত সময় ২৪ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পেমেন্ট গেটওয়েতে ফি জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য ‘নতুন এন্ট্রি’ (New Entry) অপশনটি চালু হবে। আর ইএসআইএফ (ESIF)-এ তথ্য এন্ট্রির সর্বশেষ সময় ১৬ মার্চ পর্যন্ত।

তবে বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে, এই বর্ধিত সময়ে শুধুমাত্র বাদ পড়া নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধন (Edit) বা বাতিল (Delete) করার কোনো সুযোগ থাকবে না।

মাদরাসা শিক্ষা বোর্ড আরও সতর্ক করে দিয়েছে যে, যেসব শিক্ষার্থী এই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করবে না, তারা সরকারি উপবৃত্তির (Stipend) আওতাভুক্ত হতে পারবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মাদরাসা প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন