মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা এবং সময় শেষ হওয়ার আগে দপ্তর ত্যাগ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯–এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, উল্লিখিত বিধিমালার আওতায় নির্ধারিত আচরণ লঙ্ঘন অফিস শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল সাড়ে ৩টা এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবেন না। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধান—রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক বা প্রকাশনা নিয়ন্ত্রকের অনুমতি নিতে হবে। পাশাপাশি সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯–এর তফসিল অনুযায়ী ডিজিটাল হাজিরা প্রদান করে তবেই অফিস ত্যাগ করতে হবে।

এ ছাড়া বোর্ডের সব আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনেও কর্মস্থল ত্যাগের আগে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, আগেভাগে অফিস ত্যাগ করা বা বিলম্বে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

AS/AHA
আরও পড়ুন