ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফল প্রকাশ

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

অনার্স পরীক্ষা–২০২৪ এর ফল প্রকাশ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। পাসের হার ৮২.৯৮ শতাংশ। রোববার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) হিসেবে ভাইস চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী চার বর্ষে মোট ১৯ হাজার ৩৬ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ১২ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ১০ হাজার ২৭২ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৩৩০ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সার্বিকভাবে পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৮২.৯৮ শতাংশ।

বর্ষভিত্তিক ফলাফলে দেখা যায়, প্রথম বর্ষে ৩ হাজার ৯৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২২০ জন উত্তীর্ণ হয়েছে। এ বর্ষে পাসের হার ৮১.৪২ শতাংশ। দ্বিতীয় বর্ষে ৩ হাজার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৫১ জন উত্তীর্ণ হয়েছে, যেখানে পাসের হার ৮৫.০২ শতাংশ। তৃতীয় বর্ষে ৩ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৮২.৯৩ শতাংশ। চতুর্থ বর্ষে ২ হাজার ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৭০ জন উত্তীর্ণ হয়েছে এবং এ বর্ষে পাসের হার ৮২.৫৬ শতাংশ।

ফলাফল ঘোষণা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ভালো ফলাফলের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। মাদরাসা শিক্ষাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্ম্মদ শহীদুল ইসলাম, প্রো ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত বছরের ৬ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে অনার্স পরীক্ষার লিখিত অংশ অনুষ্ঠিত হয় এবং ১১ জানুয়ারি মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। প্রকাশিত ফলাফলের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

AHA
আরও পড়ুন