ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।

ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। নিজ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে এই নিয়োগের মাধ্যমে তিনি পুনরায় চেনা প্রাঙ্গণে ফিরে আসছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শূন্য পদে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেতে পারেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে তিনি শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। 

নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের আপৎকালীন পরিস্থিতি কাটিয়ে উঠেছেন এবং একটি নতুন রাজনৈতিক সরকার আসার পর তাদের পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজানোর সুযোগ দিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ড. নিয়াজ আহমদ দ্রুত নিজ বিভাগে শিক্ষকতায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

সরকার পরিবর্তনের পর উচ্চশিক্ষা স্তরে প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এই নতুন নিয়োগ দেওয়া হলো। খুব শিগগিরি এ বি এম ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

FJ
আরও পড়ুন