জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ। এ বছর মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যার মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন।

কৃতকার্য শিক্ষার্থীদের মধ্য থেকে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জনকে প্রথম মেধাতালিকায় স্থান দেওয়া হয়েছে। গ্রুপভিত্তিক মেধাতালিকায় দেখা যায়:
মানবিক বিভাগ: ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন।
বিজ্ঞান বিভাগ: ৬৫ হাজার ৩৩৭ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ: ৫১ হাজার ৩৪ জন।

গত ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষার ফলাফল রেকর্ড সময়ে মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফল জানবেন যেভাবে
শিক্ষার্থীরা দুটি পদ্ধতিতে ফলাফল জানতে পারবেন:
১. এসএমএস-এর মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu <space> athn <space> Application ID লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

২. অনলাইনের মাধ্যমে: বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (Admission Website) ‘Honour’s Tab’-এ গিয়ে ‘Admission Test Result’ অপশন থেকে ফলাফল দেখা যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ‘Important Notice’ সেকশনে পাওয়া যাবে।

ফল ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

FJ
আরও পড়ুন