২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে যখন

আপডেট : ১৪ মে ২০২৬, ১২:১৫ পিএম

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু করার প্রাথমিক পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারির মধ্যে পুরো পরীক্ষা প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে একটি খসড়া সময়সূচি তৈরি করা হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণা এবং শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা শুরুর দাবির মধ্যে সমন্বয় করতেই ৩১ ডিসেম্বর তারিখটি প্রস্তাব করা হয়েছে। নতুন খসড়া অনুযায়ী, ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শেষ হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। মূলত ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সম্ভাব্য রোজা শুরু হওয়ার আগেই পরীক্ষা শেষ করতে চাইছে সরকার।

এবারের পরীক্ষার বিশেষ বৈশিষ্ট্য হতে যাচ্ছে অভিন্ন প্রশ্নপত্র। মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের এসএসসিতে প্রথমবারের মতো সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভবিষ্যতে এসএসসি পরীক্ষা স্থায়ীভাবে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার একটি দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, ৮-৯ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হতে পারে। সে কারণেই শিক্ষামন্ত্রী ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার একটি পূর্ণাঙ্গ খসড়া তৈরির নির্দেশনা দিয়েছেন। এতে একদিকে যেমন মন্ত্রীর নির্ধারিত সময়সীমা রক্ষা হচ্ছে, অন্যদিকে জানুয়ারিতে পরীক্ষা দেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের চাওয়াও পূরণ হচ্ছে।

আগামী কয়েক দিনের মধ্যে এই খসড়া পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হলে আনুষ্ঠানিকভাবে রুটিন প্রকাশ করা হবে।

SN
আরও পড়ুন