দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি এবং পরীক্ষার্থীদের দুর্ভোগের মধ্যে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি উঠলেও আপাতত জাতীয়ভাবে পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেই। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি বা কয়েকটি বোর্ডের পরিস্থিতি বিবেচনায় সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়। তবে কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগে পরীক্ষা গ্রহণ বা শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে যাওয়া ব্যাহত হলে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ডের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোনো অঞ্চলে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে এবং পরীক্ষা গ্রহণে বাস্তব সমস্যা দেখা দিলে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ,এই সাতটি জেলা বর্তমানে বন্যাকবলিত। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা পানিতে প্লাবিত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, বন্যার কারণে ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে। একই সঙ্গে বন্যা ও পাহাড়ি ঢলে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু এবং আরও ৩৯ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের প্রতিনিধিরা।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেক পরীক্ষার্থীর পক্ষে কেন্দ্রে পৌঁছানো অত্যন্ত কষ্টসাধ্য। অনেক শিক্ষার্থীর বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীও বন্যার পানিতে নষ্ট হয়েছে। এ অবস্থায় পরীক্ষা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মধ্যে সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে না এবং মেধার ন্যায্য মূল্যায়নও ব্যাহত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখাই শিক্ষার্থীদের স্বার্থে সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত হবে।
দুর্যোগে এইচএসসি স্থগিত চায় ছাত্রদল সহ তিন ছাত্র সংগঠন
কওমি মাদরাসায় নীতিমালা ও বোর্ড উদ্যোগে আপত্তি
বৃত্তি পরীক্ষায় অনুপস্থিতি বেড়েছে, কারণ খতিয়ে দেখছে সরকার