প্রাথমিকে ভর্তিতে ফিরতে পারে লটারি পদ্ধতি

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রথম শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আবারও লটারি পদ্ধতি চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এর আগে ঘোষণা দেওয়া ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান যে. শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি পুনর্বহালের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনাধীন রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে এক সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আকস্মিকভাবে ঘোষণা দেন যে, লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সে সময় তিনি বলেছিলেন, “আমরা লটারি ব্যবস্থা প্রত্যাহার করলাম।”

তবে ওই ঘোষণার পর শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সংশ্লিষ্টদের মতে, ভর্তি পরীক্ষা পুনরায় চালু হলে অতীতের নানা সমস্যার পুনরাবৃত্তি ঘটতে পারে। তারা মনে করেন, অল্প বয়সী শিশুদের মধ্যে মেধার পার্থক্য খুব বেশি স্পষ্ট থাকে না। ফলে এই বয়সে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা যৌক্তিক নয়।

তাদের মতে, ভর্তি পরীক্ষা শিশুদের ওপর অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও মানসিক চাপ সৃষ্টি করে। একই সঙ্গে কোচিংনির্ভরতা বাড়িয়ে শিক্ষাব্যবস্থাকে আরও বাণিজ্যিক করে তোলার আশঙ্কাও রয়েছে। তাই বর্তমান বাস্তবতায় লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য। তবে এই পদ্ধতি যেন আরও স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়, সে বিষয়টি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় ভর্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবছে। সংশ্লিষ্টদের মতে, লটারি পদ্ধতি পুনর্বহালের এই উদ্যোগ ইতিবাচক এবং তা শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের মধ্যেও আশাবাদ সৃষ্টি করেছে।

Maz
আরও পড়ুন
সর্বশেষপঠিত