জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান ও ইরাক। সাইবার অপরাধ, ব্ল্যাকমেল, চাঁদাবাজি এবং উগ্রবাদী কনটেন্ট প্রচারে অ্যাপটির অপব্যবহার ঠেকাতে সোমবার (১৬ নভেম্বর) পৃথকভাবে এ সিদ্ধান্তের কথা জানায় দেশ দুটি।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, টেলিগ্রাম ব্যবহার করে সাইবার অপরাধ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অবৈধ কনটেন্ট ছড়ানো হচ্ছে। পাশাপাশি উগ্রবাদ ও চরমপন্থা প্রচারের মাধ্যম হিসেবেও অ্যাপটি ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে টেলিগ্রামের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অপরিচিত অ্যাকাউন্ট, সন্দেহজনক লিংক ও অজানা সংগঠনের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড বা কনটেন্ট চোখে পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে, ইরাকের যোগাযোগ ও গণমাধ্যম কমিশন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে দেশজুড়ে টেলিগ্রাম নিষিদ্ধের ঘোষণা দিয়েছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করল দেশটি।
এর আগে গত এপ্রিলে জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত উদ্বেগের কথা উল্লেখ করে টেলিগ্রাম নিষিদ্ধ করেছিল বাগদাদ। তবে ইরাকি আইন ও নিয়ন্ত্রক সংস্থার শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর মে মাসে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
জর্ডানে টেলিগ্রাম নিষিদ্ধের ঘোষণা আসে দেশটির একটি অর্থোডক্স গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড ঘোষণার এক দিন পর।
গত ২৩ অক্টোবর রাজধানী আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে হামুদ এলাকার সেন্ট জর্জ অর্থোডক্স গির্জায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ৯ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। রোববার (১৫ নভেম্বর) দেশটির একটি আদালত ওই হামলায় দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।
এদিকে, রাজধানী আম্মানে শ্রীলঙ্কার দূতাবাসের সামনে এক সাবেক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনাকেও সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে দেশটির কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে টেলিগ্রামের ব্যবহার ব্যাপক। এ অঞ্চলের প্রায় ১০ শতাংশ মানুষ অ্যাপটি ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি।
এদিকে, জাতীয় নিরাপত্তা ও আইন লঙ্ঘনের অভিযোগে চলতি বছর ভারত ও রাশিয়াও টেলিগ্রামের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুনে ভারতে প্রায় ১৫ কোটি ব্যবহারকারীর জন্য সাময়িকভাবে অ্যাপটির প্রবেশাধিকার বন্ধ করা হয়। পরীক্ষায় জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ ছিল এ সিদ্ধান্তের পেছনে।
অন্যদিকে, রাশিয়া ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে টেলিগ্রামের গতি সীমিত করে এবং আগস্টে অ্যাপটি পুরোপুরি নিষিদ্ধ করে।
বৌদি-ভাবি’ বলে ডাকার কালচার বন্ধ করতে হবে: বিজেপি নেতা
ইসরায়েলে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন আহমেদ তিবি
সৌদি প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হলেন ফাহদ আল-সালমান