রমজানে বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

ছুটি নিয়ে কয়েক দিনের নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পবিত্র রমজান মাসজুড়ে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন থেকেই এই ছুটি কার্যকর হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে রোজার সময়ে তীব্র গরম, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এবং শিক্ষক-অভিভাবকদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে উচ্চ আদালতেরও কিছু নির্দেশনা ও দীর্ঘ পর্যালোচনার পর সরকার এই চূড়ান্ত ঘোষণা দিলো।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর সঙ্গে যোগ হবে পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা মনে করছেন, রমজানের শুরু থেকেই ছুটি কার্যকর হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তিতে রোজা পালন করতে পারবে এবং যানজট নিরসনেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

FJ
আরও পড়ুন