দীর্ঘ প্রতীক্ষার পর হররধর্মী সিনেমা "আন্ধার" নিয়ে নতুন তথ্য জানিয়েছেন এর চিত্রনাট্যকার ও সহপ্রযোজক শাকিব চৌধুরী। তিনি জানান, চলমান ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। একই সঙ্গে বছরের শেষদিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
শুটিং শেষ হওয়ার পর গত বছরই সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। তখন জানানো হয় ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। তবে এরপর দীর্ঘ সময় কোনো নতুন তথ্য না আসায় দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফী। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনোয়ার এবং তানজিকা আমিনসহ আরও অনেক তারকা শিল্পী। এছাড়া নতুন মুখ হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।
নির্মাতাদের দাবি, ‘আন্ধার’ শুধু একটি হরর সিনেমা নয়; এতে রহস্য, থ্রিলার, খুনের ঘটনা এবং আবেগঘন উপাদানের সমন্বয় থাকবে। ছবির গল্প তৈরি হয়েছে সাইদুস সালেহীন সুমন ও শাকিব চৌধুরীর ভাবনা থেকে।
নির্মাতারা জানিয়েছেন, পশ্চিমা ধাঁচের অনুকরণ না করে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘আন্ধার’। তাই দেশীয় প্রেক্ষাপটে ভিন্ন স্বাদের হরর অভিজ্ঞতা দিতে পারবে বলে তাদের প্রত্যাশা।
বিয়ের সাজে নজর কাড়লেন বুবলী
আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা