ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রকস্টার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৩ জুলাই চরকিতে মুক্তি পাবে ছবিটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে তারা লিখেছে, “অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।”
‘রকস্টার’ নির্মাণ করেছেন আজমান রুশো। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন।
ছবিতে প্রথমবারের মতো একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গল্পে তিনি ‘আগুন’ নামে এক রকস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে রক গানের জগতে নিজের পরিচয় গড়ে তোলে আগুন। দেশ-বিদেশে সাফল্য পেলেও প্রেম ও সম্পর্কের জটিলতায় তার জীবন মোড় নেয় এক করুণ পরিণতির দিকে।
শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান এবং কাজী সাবির।
ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের ঠোঁটে থাকা সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া ছবিতে আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই ও অংকন কুমার।
পরীমণির বিয়ে ঠেকাতে পারলো না হ্যারি কেইন!
আরিফিন শুভর সাথে প্রথমবার বড় পর্দায় কেয়া পায়েল
রোমান্টিক ইমেজ ভেঙে ‘ভিলেন’ হতে চান পূর্ণিমা