জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুরোনো এই বিতর্ক আবার সামনে আসায় এবার তিশার পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তবে সমর্থন জানানোর পাশাপাশি তিশার সঙ্গে ঘটে যাওয়া কিছু পুরোনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন তিনি।
প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সে সময় বিষয়টি আইনি নোটিশের সূত্রে আলোচনায় এলেও পরে তা অনেকটাই আড়ালে চলে যায়। সম্প্রতি আদালতের সমন জারির খবর প্রকাশ্যে আসার পর আবারও আলোচনায় এসেছে সেই ঘটনা।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তানজিন তিশার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, একজন শিল্পীর দীর্ঘদিনের কাজ ও পরিচয় অনেক সময় একটি নেতিবাচক ঘটনার শিরোনামের আড়ালে চাপা পড়ে যায়।
জয় লিখেছেন, একটি ছোট ঘটনা একজন তারকা অভিনেত্রীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। তাঁর মতে, বিষয়টি হয়তো দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের মনে তৈরি হওয়া ধারণা দীর্ঘদিন থেকে যেতে পারে।
তিনি বলেন, তানজিন তিশা বহু বছর ধরে মিডিয়ায় কাজ করছেন এবং তাঁর অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। অথচ কোনো নেতিবাচক ঘটনার শিরোনাম অনেক সময় একজন শিল্পীর ইতিবাচক পরিচয়কে আড়াল করে দেয়।
জয় আরও লিখেছেন, যদি খবরের শিরোনাম হতো ‘তুচ্ছ ঘটনায় আদালত পর্যন্ত গড়ানো ঘটনায় নাজেহাল হচ্ছেন তানজিন তিশা’, তাহলে একজন শিল্পীর প্রতি দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারত। তাঁর ভাষায়, “শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে।”
তবে তিশার পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের কিছু কষ্টের স্মৃতিও তুলে ধরেছেন জয়। তিনি জানান, তানজিন তিশা তাঁর পছন্দের একজন অভিনেত্রী হলেও দুই বছর আগে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে তাঁর সম্পর্কে কিছু মন্তব্য শুনেছিলেন, যা তাঁকে কষ্ট দিয়েছিল।
জয় বলেন, লোকমুখে তিনি শুনেছিলেন, তিনি মঞ্চে উঠলে তিশা নাকি মঞ্চে উঠতে চাননি। পরে আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে দেখে তিশার মন্তব্য নিয়েও কিছু কথা শুনেছিলেন। তবে এসবের সত্যতা তিনি নিশ্চিত নন বলে উল্লেখ করেছেন।
নিজের কষ্টের কথা স্বীকার করেও জয় বলেন, একজন সহকর্মী শিল্পীর কঠিন সময়ে পাশে থাকা জরুরি। ব্যক্তিগত অভিমান থাকলেও একজন শিল্পীর প্রতি সহমর্মিতা হারানো উচিত নয়।
তানজিন তিশার বিরুদ্ধে চলমান এই অভিযোগের বিষয়ে এখনো আদালতের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা।
বাংলাদেশি শুভ-নন্দিতার গানে মুগ্ধ সংগীতগুরু এ আর রহমান
বিশ্বকাপ ফাইনালেও মঞ্চ মাতাবেন শাকিরা
মঞ্চে নারীকে জড়িয়ে ধরার চেষ্টা, ‘ভারতীয়’ দাবি করা যুবক আসলে পাকিস্তানি