তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে অনুপস্থিত থাকায় সোমবার (২৩ নভেম্বর) এ আবেদন করেন বাদীপক্ষ।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে আবেদনটি করা হয়। বাদীপক্ষের অভিযোগ, মামলার বিষয়ে অবগত থাকা এবং আদালতের নোটিশ গ্রহণ করার পরও নির্ধারিত দিনে হাজির হননি তানজিন তিশা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাদীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য অব্যাহত রাখার অভিযোগও আনা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, সোমবার তানজিন তিশার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।

মামলার সূত্রপাত গত বছরের ২৭ নভেম্বর। সেদিন তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন সানায়া চৌধুরী। অভিযোগে বলা হয়, একটি অনুষ্ঠানে পরার কথা বলে তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন অভিনেত্রী। পরে সেটি আর ফেরত দেওয়া হয়নি।

পরবর্তী সময়ে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৫ মে আদালতে জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

তবে তদন্ত প্রতিবেদনে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। গত ২৫ অক্টোবর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদনটি গ্রহণ করে মামলাটি নতুন করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

এর পরদিন, ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পৃথক মামলা করেন সানায়া। তার দাবি, আগের মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে তাকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি পল্লবীতে তার বাসায় লোক পাঠিয়েও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন তিনি।

সানায়ার অভিযোগ, এসব ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। থানায় অভিযোগ জানাতে গিয়েও মামলা করতে না পারায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এই প্রতিবেদনে পাওয়া যায়নি।

বিএইচবি
আরও পড়ুন