হলিউড ও বলিউড-দুই জগতেই নিজের রাজত্ব সুসংহত করে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দ্য মিউজিক সেন্টারে অনুষ্ঠিত জমকালো ‘গোল্ড গালা ২০২৬’-এ বিশেষ সম্মাননায় ভূষিত হলেন এই অভিনেত্রী। বৈশ্বিক সংস্কৃতি ও প্রতিনিধিত্বকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয়েছে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’।
এই বিশেষ সম্মাননা সাধারণত তাদেরই প্রদান করা হয়, যারা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেন এবং আন্তর্জাতিক বিনোদন জগতে গভীর প্রভাব রাখতে সক্ষম হন। প্রিয়াঙ্কা গত দুই দশকের বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতা ও মেধা দিয়ে বিশ্বজুড়ে দক্ষিণ এশীয়দের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘কোয়ান্টিকো’ থেকে ‘সিটাডেল’- তার প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে নতুন ইতিহাস তৈরি করেছে।
পুরস্কার প্রাপ্তির পাশাপাশি এই বিশেষ সন্ধ্যায় রেড কার্পেটে প্রিয়াঙ্কার পোশাক ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি পরেছিলেন প্রায় ২০ বছরের পুরনো একটি ‘চিকনকারি’ শাড়ি দিয়ে তৈরি করা একটি বিশেষ কউচার গাউন। ডিজাইনার অমিত আগারওয়াল এবং স্টাইলিস্ট আমি প্যাটেল মিলে ঐতিহ্যবাহী এই শাড়িটিকে আধুনিক ভাস্কর্যধর্মী এক গাউনের রূপ দেন।
পুরো পোশাকটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ছয় সপ্তাহ। ভারতীয় হস্তশিল্প ও নারীদের সূক্ষ্ম কারুকাজকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই তার এই ব্যতিক্রমী প্রয়াস। এই নান্দনিক পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন বিলাসবহুল ব্র্যান্ড ‘বুলগারি’র একটি নেকলেস।
কেবল অভিনয় নয়, প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও প্রিয়াঙ্কা তার সফলতার স্বাক্ষর রেখেছেন। তার প্রযোজনা সংস্থা ‘পার্পল পেবল পিকচার্স’ আঞ্চলিক ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সবসময় সমর্থন দিয়ে আসছে। ফ্যাশন, ব্যবসা ও সমাজকল্যাণে তার অবদানের জন্য ইতিপূর্বেও টাইম ১০০ ও ফোর্বসের মতো মর্যাদাপূর্ণ তালিকায় নাম লিখিয়েছেন তিনি।
এ বছরের গোল্ড গালার থিম ছিল ‘এ নিউ গোল্ড ওয়ার্ল্ড’। প্রিয়াঙ্কার পাশাপাশি এই আসরে আরও সম্মাননা পেয়েছেন জেট লি, সিমু লিউ এবং চার্লস মেলটনের মতো বিশ্ববিখ্যাত তারকারা।
এবার জলদস্যু প্রিয়াঙ্কা চোপড়া!
ভারত ছাড়ার কারণ জানালেন প্রিয়াঙ্কা চোপড়া
নিক জোনাসের সঙ্গে গান গাইবেন প্রিয়াঙ্কা চোপড়া
‘সিটাডেল’ সিরিজে প্রিয়াঙ্কা চোপড়া