অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ে করলেন টেইলর সুইফট

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট ও মার্কিন ফুটবলার ট্রাভিস কেলস। নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউডের তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

টেইলরের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন শুক্রবার (৩ জুলাই) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

টেইলরের মুখপাত্র জানান, প্রচলিত রীতি থেকে সরে এসে এই বিয়েতে কনে বা বরের পক্ষের কোনো 'ব্রাইডসমেইড' বা 'গ্রুমসমেন' রাখা হয়নি। ফলে অনুষ্ঠানে কনে-বরের পাশে বন্ধুদের আনুষ্ঠানিক উপস্থিতির প্রচলিত আয়োজন দেখা যায়নি।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই আয়োজনকে অনেকেই 'শতাব্দীর সেরা বিয়ে' বলে আখ্যা দিচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস ও বেনসন বুনসহ বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিরা। অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবুর ব্যবস্থা করা হয়। এ ছাড়া ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় 'JUST & T MARRIED!' লেখা প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের একসঙ্গে কোনো আনুষ্ঠানিক ছবি প্রকাশ পায়নি। টেইলরের মুখপাত্র জানান, বিয়ের দিন দুজনই ফরাসি ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের পোশাক পরেছিলেন। পোশাকের নকশায় সরাসরি যুক্ত ছিলেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। পাশাপাশি তাদের জুতো ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের তৈরি এবং টেইলর সুইফট পরেছিলেন কার্টিয়ারের গহনা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই মেগা আয়োজন উপলক্ষে ম্যানহাটনের ব্যস্ত কয়েকটি সড়ক সাময়িকভাবে যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়। সে সময় নিউইয়র্কের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম উপেক্ষা করেও প্রিয় তারকাকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজারো ভক্ত জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

প্রসঙ্গত, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনা হয় এবং গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো একটি ভেন্যু ভাড়া নিতে তাদের কয়েক কোটি ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টির বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বলেও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

AM/AHA
আরও পড়ুন