সাবরিনা কার্পেন্টারের নতুন চমক, অপেক্ষায় ভক্তরা

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

‘শর্ট এন’ সুইট’ অ্যালবামের দ্বিতীয় বার্ষিকীতে ভক্তদের জন্য নতুন চমকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন পপ তারকা সাবরিনা কার্পেন্টার। আগামীকাল ‘বিশেষ কিছু’ প্রকাশের কথা জানিয়ে রহস্য তৈরি করেছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) অ্যালবামটির দুই বছর পূর্তি উপলক্ষে ভক্তদের উদ্দেশে দেওয়া এক নিউজলেটারে গত দুই বছরের স্মৃতি তুলে ধরেন কার্পেন্টার। একই সঙ্গে অ্যালবামটির জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

কার্পেন্টার বলেন, ‘শর্ট এন’ সুইট’ এমন একটি অ্যালবাম, যা তাঁর জীবন পুরোপুরি বদলে দিয়েছে। তাঁর ভাষায়, মনে হচ্ছে যেন চোখের পলকেই দুই বছর কেটে গেছে।

অ্যালবামটির সঙ্গে জড়িয়ে থাকা পারফরম্যান্স, রাতজাগা, রসিকতা, প্রেম ও নানা স্মৃতির কথাও তুলে ধরেন এই গায়িকা। তিনি বলেন, ভক্তদের ভালোবাসা ও সমর্থনের কারণেই অ্যালবামটির গান ও স্মৃতিগুলো এখনো এতটা জীবন্ত।

তবে নিউজলেটারের শেষ কথাটিই সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে। সেখানে কার্পেন্টার লেখেন, ‘আগামীকাল মিষ্টি কিছু আসছে।’

কী আসছে, তা অবশ্য জানাননি তিনি। নতুন গান, আগে প্রকাশ না করা কোনো গান, বিশেষ সংস্করণ নাকি ‘শর্ট এন’ সুইট’ যুগের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো প্রকল্প, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা শুরু হয়েছে।

অ্যালবামের বার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামেও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন কার্পেন্টার। ‘শর্ট এন’ সুইট’-এর স্পটিফাই আর্টওয়ার্ক শেয়ার করার পাশাপাশি অ্যালবামটির সময়কার বেশ কিছু পুরোনো ছবিও পোস্ট করেছেন তিনি।

২০২৪ সালের ২৩ আগস্ট প্রকাশিত ‘শর্ট এন’ সুইট’ কার্পেন্টারের ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। অ্যালবামটির ‘এসপ্রেসো’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তাঁকে আন্তর্জাতিক পপ তারকা হিসেবে আরও প্রতিষ্ঠিত করে।

অ্যালবামটি ৬টি গ্র্যামি মনোনয়ন পায়। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে কার্পেন্টার দুটি পুরস্কার জেতেন, ‘শর্ট এন’ সুইট’-এর জন্য সেরা পপ ভোকাল অ্যালবাম এবং ‘এসপ্রেসো’র জন্য সেরা পপ একক পরিবেশনা।

অ্যালবামটি তৃতীয় বছরে পা রাখার সময় কার্পেন্টারের নতুন এই ইঙ্গিতে ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। এখন অপেক্ষা, আগামীকাল তিনি কী ‘মিষ্টি চমক’ নিয়ে হাজির হন।

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত