ম্যাকলেমোর বিতর্কে বিপুল ইনস্টাগ্রাম অনুসারী হারাচ্ছেন এড শিরান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

ম্যাকলেমোরকে লুপ ট্যুর থেকে বাদ দেওয়ার বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে চাপের মুখে পড়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান। বিতর্কের মধ্যে একদিনেই ইনস্টাগ্রামে তার ১ লাখ ৪৯ হাজার ৬৩৬ অনুসারী কমেছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড।

অন্যদিকে, সফর থেকে বাদ পড়ার পর ফিলিস্তিনের পক্ষে অবস্থান অব্যাহত রাখা মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরের অনুসারী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে তার ইনস্টাগ্রাম অনুসারী বেড়েছে ৭ লাখ ৫০ হাজার ৯৮ জন। বর্তমানে প্ল্যাটফর্মটিতে তার অনুসারী সংখ্যা ৭৯ লাখের বেশি।

ম্যাকলেমোর, যার আসল নাম বেঞ্জামিন হ্যামন্ড হ্যাগার্টি, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানান, শিরানের লুপ ট্যুরের যুক্তরাষ্ট্র পর্বের বাকি অনুষ্ঠানগুলো থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। সফরের অন্যতম ভেন্যু গিলেট স্টেডিয়ামের মালিক মার্কিন ধনকুবের রবার্ট ক্রাফটও জানিয়েছিলেন, সেখানে ম্যাকলেমোরকে পরিবেশনের সুযোগ দেওয়া হবে না।

বিতর্কের পর শিরান এক বিবৃতিতে জানান, এ ঘটনায় তার কোনো ভূমিকা ছিল না এবং তিনি এর সঙ্গে জড়িত নন। তবে বিষয়টি নিয়ে নীরব অবস্থানের কারণে তার বিরুদ্ধে সমালোচনা বাড়তে থাকে। এরই মধ্যে ম্যাকলেমোরের প্রতি সংহতি জানিয়ে শিরানের সফর থেকে সরে দাঁড়িয়েছেন চারজন সহযোগী শিল্পী।

সফর থেকে সরে যাওয়া আইরিশ গায়ক-গীতিকার অ্যারন রোয়ের অনুসারীও বেড়েছে। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ইসরায়েলি হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা শিল্পীদের কণ্ঠরোধে ধনীদের ক্ষমতার ব্যবহার তিনি মেনে নিতে পারেন না।

আইরিশ লোকসংগীতের দল বেওগাও ম্যাকলেমোর ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে সফর থেকে সরে দাঁড়িয়েছে। দলটি তাদের ঔপনিবেশিকতার ঐতিহাসিক অভিজ্ঞতার কথা তুলে ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে। এদিকে, বিলি আইলিশের ভাই মার্কিন গায়ক-গীতিকার ফিনিয়াসও শিরানের সঙ্গে নির্ধারিত দক্ষিণ আমেরিকা সফর থেকে সরে গিয়ে ফিলিস্তিন ও এর জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। সূত্র: আরব নিউজ

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত