লাইভে ‘বিউটি ফিল্টার’ সরে গিয়ে ১.৫ লাখ ফলোয়ার হারালেন ইনফ্লুয়েন্সার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম সুন্দরের আড়ালে নিজেকে লুকিয়ে রাখার এক চরম বিড়ম্বনার সাক্ষী হলো নেটিজেনরা। সম্প্রতি এক চীনা নারী ইনফ্লুয়েন্সারের লাইভ স্ট্রিমিং চলাকালীন কারিগরি ত্রুটিতে হঠাৎ ‘বিউটি ফিল্টার’ বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য তার প্রকৃত চেহারা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। দাবি করা হচ্ছে, এই ঘটনার পর তিনি মুহূর্তেই প্রায় ১ লাখ ৪০ হাজার অনুসারী হারিয়েছেন, যদিও এই সংখ্যার কোনো সঠিক প্রমাণ মেলেনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বেগুনি রঙের পোশাকে সজ্জিত ওই নারী গান গেয়ে তার অনুসারীদের বিনোদন দিচ্ছিলেন। লাইভ চলাকালীন হঠাৎই কয়েক সেকেন্ডের জন্য তার ব্যবহৃত ফিল্টারটি বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে তার প্রকৃত রূপ, যা আগে দেখা নিখুঁত চেহারার চেয়ে অনেকটাই ভিন্ন। তার প্রকৃত ত্বক ছিল স্বাভাবিক এবং বয়সের ছাপযুক্ত পরিপক্ব। দ্রুতই ফিল্টারটি ফিরে আসলেও ততক্ষণে ভিডিওটি রেকর্ড হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর ইন্টারনেটে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল অনুসারী একে ‘প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়ে ওই ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট নিষিদ্ধ করার দাবি তুলেছেন। অন্যদিকে, অধিকাংশ নেটিজেন ওই নারীর প্রকৃত চেহারার পক্ষেই দাঁড়িয়েছেন। তাদের মতে, কৃত্রিম ফিল্টারের চেয়ে তাকে আসল চেহারায় অনেক বেশি প্রাণবন্ত ও সুন্দর লাগছিল। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘অবাস্তব চেহারার চেয়ে এই আসল চেহারাই অনেক বেশি চমৎকার।’

এই ঘটনাটি ২০১৯ সালের আলোচিত স্ট্রিমার ‘ইউর হাইনেস কিয়াও বিলুয়ো’-র কথা মনে করিয়ে দিচ্ছে। সে সময় কিয়াও বিলুয়ো নিজের মিষ্টি কণ্ঠ আর তরুণী লুক দিয়ে জনপ্রিয়তা পেলেও ফিল্টার সরে যাওয়ার পর দেখা গিয়েছিল তিনি আসলে ৫৮ বছর বয়সী এক নারী।

তবে সাম্প্রতিক এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মনে সন্দেহ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, রাতারাতি আলোচনায় আসার জন্য এটি কোনো সুপরিকল্পিত ‘সাজানো নাটক’ও হতে পারে। তবে কারণ যাই হোক, এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম সৌন্দর্যের আড়ালের বাস্তবতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: উইওন

NB
আরও পড়ুন