মারা গেছেন ‘ডোরেমন’ পরিচালক

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১০:৪১ এএম

বিশ্বখ্যাত জাপানি অ্যানিমেশন সিরিজ ‘ডোরেমন’ এর দীর্ঘদিনের পরিচালক ও কিংবদন্তি অ্যানিমেটর সুতোমু শিবায়ামা আর নেই। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে জাপানে তার মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

রোববার (১৭ মার্চ) তার প্রতিষ্ঠিত অ্যানিমেশন স্টুডিও ‘আজিয়াদো’ এক শোকবার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তার প্রয়াণে জাপানি অ্যানিমেশন জগতসহ বিশ্বজুড়ে তার কোটি ভক্তের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সুতোমু শিবায়ামাকে জাপানি অ্যানিমেশন শিল্পের অন্যতম প্রধান কারিগর মনে করা হয়। নীল রঙের রোবট বিড়াল ‘ডোরেমন’ এবং তার বন্ধু নবিতা, শিজুকা ও জিয়ানদের গল্পকে তিনি পর্দায় জীবন্ত করে তুলেছিলেন। ১৯৭৯ সালে শুরু হওয়া ডোরেমন টিভি ধারাবাহিকের দীর্ঘ সময় পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এই সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হওয়া অসংখ্য কালজয়ী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নেপথ্যেও ছিলেন তিনি।

১৯৬৩ সালে কর্মজীবন শুরু করা সুতোমু কেবল ডোরেমন নয়, বরং ‘নিন্তামা রান্তরো’র মতো জনপ্রিয় সিরিজের প্রধান পরিচালক হিসেবেও কাজ করেছেন। এছাড়া ‘চিবি মারুকো-চান’সহ অসংখ্য জনপ্রিয় অ্যানিমেশনে তার সৃজনশীলতার ছাপ রয়েছে। অ্যানিমেশন শিল্পে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে জাপান সরকারের পক্ষ থেকে তাঁকে মর্যাদাপূর্ণ ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়েছিল।

তার হাত ধরে তৈরি হওয়া চরিত্রগুলো আজও শিশুদের পাশাপাশি বড়দের মনেও অমলিন হয়ে আছে। তার মৃত্যুতে একটি বর্ণাঢ্য যুগের অবসান ঘটল।

NB/
আরও পড়ুন