বৃষ্টি! গগনের কান্না, দুঃসহ কোনো কষ্টকে ধুয়ে মুছে দেওয়ার উপলক্ষ? নাকি প্রকৃতির অপরূপ এক নান্দনিকতায় নিজেকে শপে দেওয়া। অনেক রোমান্টিক মুহূর্তের সাক্ষী বর্ষা। বিশেষ করে বৃষ্টির সঙ্গে গানের সম্পর্কটা নিবিড়। তাই তো কবি, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অন্য দিন থেকে মেঘলা দিনে একটু বেশি আবেগী হয়ে ওঠেন।
ধরুন, রিমঝিম বৃষ্টি হচ্ছে। আপনি খোলা জানালার পাশে বসে বেশ একাগ্র চিত্তে টাপুর-টুপুর করে বৃষ্টির পানি পড়ার শব্দ শুনছেন।কখনো কখনো ভিজতে চাইছে মন। এমন সময়ে দারুণ কিছু গান ছাড়া কি চলে?
বর্ষার দিনে কিছু গান নিমিষেই আপনার মন ভালো করে দেবে। কিংবা করে তুলবে আপনাকে আরও আবেগী। চলুন জেনে নিই সেসব গানগুলোর সম্পর্কে-
আজি ঝরঝর মুখর বাদল দিনে
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বৃষ্টির উপস্থিতি সবসময় অসাধারণ। এ নিয়ে প্রায় ১০০র বেশি গান তিনি লিখেছেন। সেই তালিকায় অন্যতম ‘আজি ঝরঝর মুখর বাদল দিনে’।
এমনই বরষা ছিল সেদিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কমল দাস গুপ্তের সুরে ফিরোজা বেগমের গাওয়া ‘এমনই বরষা ছিল সেদিন’ গানটিও বৃষ্টি দিনে শোনার জন্য অসাধারণ।
এই মেঘলা দিনে একলা
হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান আজও শ্রোতাদের মাঝে সমান জনপ্রিয়। বৃষ্টি নিয়ে যারা গান শুনতে চান তাদের প্লেলিস্টে অন্যতম পছন্দ গানটি। চিরসবুজ বৃষ্টির গানের তালিকায় এটি পাকাপোক্ত আসন করে নিয়েছে। গানের লাইনগুলো বৃষ্টির দিনে যে কাউকে উদাস করে দেওয়ার জন্য যথেষ্ট। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় গানটি সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই।
আমার সারাটা দিন
শ্রীকান্ত আচার্যের কন্ঠে গাওয়া এই অসাধারণ গানটি আপনাকে মনে করিয়ে দেবে সেই প্রেমময় সুখকর দিনগুলোর কথা। গানটির গীতিকার: লীলাময় পাত্র, সুরকার: জয় সরকার, অ্যালবাম: বৃষ্টি তোমাকে দিলাম।
একদিন বৃষ্টিতে বিকেলে
অঞ্জন দত্তের সবচেয়ে জনপ্রিয় বৃষ্টির গান এটি। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তার ‘অঞ্জন দত্ত কলকাতা ১৬’ অ্যালবামের এই গান।
আকাশ এতো মেঘলা
মেঘলা আকাশে বৃষ্টির দিনে প্রিয় মানুষটিকে একা ঘর থেকে বেরোতে দিতে ভয় করছে প্রেমিক মন। তাইতো এতো আকুতি। গানটিতে প্রকাশ পেয়েছে নিষ্কলুষ মিষ্টি প্রেম। গানটি আপনি শুনতে পাবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কন্ঠে।
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
বৃষ্টির দিনে কিংবদন্তী শিল্পী রুনা লায়লার কণ্ঠে গাওয়া ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ শিরোনামে গানটি এখন পর্যন্ত একবিন্দু শ্রেষ্ঠত্ব হারায়নি। রুনা লায়লা এখনও কোনো মঞ্চে উঠলেই এই গানটি গাওয়ার অনুরোধ আসবেই।
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
‘ডিফারেন্ট টাচ’-এর নব্বই দশকের জনপ্রিয় বৃষ্টির গান এটি। প্রকাশ হয়েছিল ১৯৯০ সালে।
আজ এই বৃষ্টির কান্না দেখে
ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী কণ্ঠে অদ্ভুত দ্যোতনা তৈরি করে এই গান। কাওসার আহমেদ চৌধুরীর লেখায় গানটিতে সুর দিয়েছেন লাকী আখান্দ।
যদি মন কাঁদে
হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় গান এটি। তিনি নিজেও ছিলেন বর্ষাপ্রেমী। তার অনেক লেখাতেই বৃষ্টি উঠে এসেছে। জানা যায়, নুহাশ পল্লীতে বসেই এই গান লিখেছিলেন তিনি। যেটি গেয়েছেন মেহের আফরোজ শাওন।
চলো বৃষ্টিতে ভিজি
হুমায়ূন আহমেদের লেখা আরও একটি জনপ্রিয় বৃষ্টির গান ‘চলো বৃষ্টিতে ভিজি’। তার নির্মিত ‘আমার আছে জল’ সিনেমার জন্য গানটি লেখা। যেটি গেয়েছেন হাবিব ওয়াহিদ।
এপিটাফ
‘অর্থহীন’ ব্যান্ডের গানগুলো অনেক দিন থেকেই শ্রোতাদের কাছে জনপ্রিয় আর ‘এপিটাফ’ তাদের মধ্যে অন্যতম।
এই বৃষ্টি ভেজা রাতে
তরুণদের কাছে তুমুল জনপ্রিয় ‘আর্টসেল’ ব্যান্ডের এই গান। অনেকটা বিরহ সংগীতই বলা চলে গানটিকে। প্রিয়জনকে হারিয়েছেন এমন কারো বিষণ্ণ মনের জন্য মনে হয় এটা বেশ উপযুক্ত। বৃষ্টির দিনে বাসার ছাদে বসে বৃষ্টিতে ভিজতে ভিজতে গানটা শুনতে মন্দ লাগবে না।
অঝোর বৃষ্টি
দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী বালামের ‘অঝোর বৃষ্টি’ শিরোনামের গানটি আপনার সন্ধ্যাটা করে তুলতে পারে একটু অন্যরকম। ‘ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি, দূর আকাশে মেঘের প্রতিধ্বনি’ কথার গানের সুরে হারিয়ে যান প্রকৃতির বৃষ্টিস্নাত সৌন্দর্যে।
ঝুম
বৃষ্টিতে বাইরে বের হতে পারছেন না? ঘরে বসে একঘেয়ে লাগছে? তাহলে শুনতে পারেন মিনার রহমানের ‘ঝুম’ গানটি। মেঘলা দিনের আবেগী মন নিয়ে গানটি শুনতে শুনতে একটু নতুন করে খুঁজতে পারেন চেনা-অচেনা ভালোবাসাকে।

বৃষ্টিতে ভিজে ভিজে
বৃষ্টির দিনে রক ধাঁচের আরো একটি গান আছে যেটা শুনতে আপনার বেশ ভালোই লাগবে বলে মনে হয়। গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।
এছাড়া বৃষ্টি নিয়ে গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে রবি চৌধুরীর ‘রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে’, সেলিম চৌধুরীর ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’, জেমসের গাওয়া ‘তুমি বলো বৃষ্টি পড়ছে’, হাবিব ওয়াহিদের ‘একটু দাঁড়াবে কি এখনই নামবে বৃষ্টি’, অঞ্জন দত্তের ‘আমি বৃষ্টি দেখেছি’ কিংবা ‘একদিন বৃষ্টিতে ভিজে’, কুমার বিশ্বজিতের ‘ঝুম ঝুম বৃষ্টি’, কবীর সুমনের ‘কখনও মেঘ ঘুঙুর পরে, নাচবে বলে’, অর্থহীন ব্যান্ডের ‘বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে’, পার্থ বড়ুয়ার ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি’।
ঢাকাই সিনেমাতেও বৃষ্টি নিয়ে বেশ জনপ্রিয় কিছু গান রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য রেইন’ সিনেমায় রুনা লায়লার গাওয়া ‘আয় রে মেঘ আয় রে’, ‘স্বপ্নের পৃথিবী’তে সাবিনা ইয়াসমিন ও আগুনের গাওয়া ‘বৃষ্টিরে বৃষ্টি আয় না জোরে’, ‘আমার আছে জল’ সিনেমায় হাবিব, সাবিনা ইয়াসমিন ও কণার গাওয়া ‘চলো ভিজি আজ বৃষ্টিতে’ গানগুলো।