আমেরিকায় শাহরুখ খানের স্টেডিয়াম চালু

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম

সিনেমার পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও বেশ প্রভাব রয়েছে বলিউড কিং শাহরুখ খানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। শুধু আইপিএলই নয়, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) এবং মেজর লিগ ক্রিকেট (এমএলসি) সব মিলিয়ে বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছে নাইট রাইডার্স গ্রুপের উপস্থিতি।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে শাহরুখের দলের নাম লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই দলের জন্যই এবার লস অ্যাঞ্জেলসে চালু হলো নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড, যা বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত স্টেডিয়ামটি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় নতুন এই স্টেডিয়ামের উদ্বোধনের খবর জানান শাহরুখ খান। তার ভাষায়, এটি একটি দীর্ঘদিনের স্বপ্নপূরণ।

শাহরুখ বলেন, এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিল। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু ক্রিকেটের জন্য নয়, বিনোদন ও পরিবারের জন্যও একটি বিশেষ জায়গা হয়ে উঠবে।

জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিক ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)। প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে স্টেডিয়ামটি পরিচালনা করবে নাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখ খানের পাশাপাশি অংশীদার রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

বহু বছর ধরেই আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের অবস্থান শক্তিশালী করে আসছে নাইট রাইডার্স গ্রুপ। নতুন এই স্টেডিয়ামের উদ্বোধনের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটে তাদের উপস্থিতি আরও দৃঢ় হলো।

অন্যদিকে, অভিনয়জীবনেও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত। তারকাবহুল এ ছবিটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

AM/SN
আরও পড়ুন