বিনোদন ডেস্ক: বিখ্যাত গোল্ডেন বার্ড- দ্য ফোর্থ নেটওয়ার্ক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফেস্টিভ্যাল পুরস্কারপ্রাপ্ত সেরা ১০টি ওয়েব সিরিজের একটি, জনপ্রিয় চাইনিজ ওয়েব সিরিজ ‘পুট ইওর হেড অন মাই শোল্ডার’র বাংলা ডাবড সংস্করণ ‘এই মন তোমাকে দিলাম’ নিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি৷ একই নামের একটি চাইনিজ উপন্যাস অবলম্বনে নির্মিত রোমান্টিক ঘরানার এই ওয়েব সিরিজটি ইতোমধ্যে দর্শক মহলে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে।
পুট ইওর হেড অন মাই শোল্ডার সিরিজের গল্পটি মূলত দুজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীকে নিয়ে। তরুণটির নাম গৌরব। সে পদার্থবিজ্ঞানের খুব ব্রিলিয়ান্ট ছাত্র। একটু গম্ভীর ও চুপচাপ ধরনের ছেলে সে। অন্যদিকে সেঁজুতি মৌ হিসাববিজ্ঞানের ছাত্রী, তবে সে বিজ্ঞাপন নিয়ে কাজ করতে চায়। কিছুটা সহজ-সরল, দুরন্ত ও মিষ্টি স্বভাবের মেয়ে সে। দুজন বিপরীতমুখী চরিত্রের এই তরুণ-তরুণীর কিভাবে দেখা হলো, কিভাবে তাদের মধ্যে বেড়ে উঠলো ঘনিষ্ঠতা, তা নিয়েই এই সিরিজের গল্প এগিয়ে যেতে থাকে।
সিরিজটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন চাইনিজ অভিনেতা জিং ফেই, লিন ই এবং তাং জিয়াওতিয়ান।
সেরা ১০টি ওয়েব সিরিজ-এর অ্যাওয়ার্ডের পাশাপশি এটি গোল্ডেন বার্ড- দ্য ফোর্থ নেটওয়ার্ক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ফেস্টিভ্যালে সেরা প্রযোজক, সেরা নবাগত অভিনেতা ও সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া চায়নার ২৬তম Huading Awards-এ সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা-অভিনেত্রী (মর্ডান ড্রামা) এবং China Entertainment Industry Summit (Golden Pufferfish Awards)-এ সেরা মার্কেটিং অ্যাওয়ার্ডেও সিরিজটি মনোনীত হয়। IMDB-তেও এই সিরিজটির রেটিং ৮/১০ স্টার।
নতুন ও ভীষণ জনপ্রিয় এই সিরিজটিকে প্রথমবারের মতো বাংলাদেশী দর্শকদের কাছে নিয়ে আসতে পেরে বঙ্গ বিডি কর্তৃপক্ষ বেশ উৎফুল্ল ও আশাবাদী। সিরিজটি রিলিজের ব্যাপারে বঙ্গ’র হেড অব গ্রোথ নাইমুল নেওয়াজ বলেন, “বঙ্গ বিডি বরাবরই এদেশের মানুষকে সেরা বিনোদন দেয়ার জন্য জনপ্রিয়। এর আগেও আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রিয় কোরিয়ান-চাইনিজ সিরিজের অফিসিয়াল ডাবড ভার্শন এনেছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা এনেছি জনপ্রিয় চাইনিজ সিরিজ পুট ইওর হেড অন মাই শোল্ডার। এর কাহিনী, পারফরম্যান্স ও সুন্দর সুন্দর দৃশ্যগুলো যেকোনো দর্শককে মন্ত্রমুগ্ধ করবে বলেই আমাদের বিশ্বাস।”
উল্লেখ্য, জনপ্রিয় এই সিরিজটি মূল ভাষা চাইনিজের পাশাপাশি ইংলিশ, হিন্দিসহ বিশ্বের অনেক ভাষাতে ইতোমধ্যে ডাবড করা হয়েছে। তবে এই প্রথমবারের মতো সম্পূর্ণ বাংলা ভাষায় এটি ডাব করা হলো।

