বিনোদন প্রতিবেদক: মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লাইভে। শুক্রবার (২৪ নভেম্বর) থেকে সিনেমাটি দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে সিনেমাটি দেখা যাবে না বলে জানিয়েছেন পরিচালক। সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করে এমন ঘোষণাই দিয়েছে সনি সনি লাইভ।
ফেসবুকে ‘শনিবার বিকেল’ মুক্তির খবর জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এটি ছাড়াও ৩০ নভেম্বর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

হোলি আর্টিজানের নির্মম ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত 'শনিবার বিকেল' দেশের সেন্সর বোর্ডে আটকে আছে প্রায় সাড়ে চার বছর ধরে। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন পরিচালক। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি না পেলেও চলতি বছরের মার্চে আমেরিকা ও কানাডায় মুক্তি পায় 'শনিবার বিকেল'।

সিনেমাটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, 'একসঙ্গে এত কিছু আসছে যে আমারই দিশেহারা অবস্থা। শনিবার বিকেল ওটিটিতে আসছে, ফাইনালি, ২৪ নভেম্বর, সনি সনি লাইভে- এ। বাংলাদেশের বাইরে পৃথিবীর যেকোনো দেশ থেকে দেখা যাবে !'

