নির্বাচনে লড়বেন সংস্কৃতি অঙ্গনের ছয় তারকা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

সংস্কৃতি অঙ্গনের ছয় তারকা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কেউ দলীয় মনোনয়ন পেয়েছেন আবার কেউ স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- সাংস্কৃতিক জগতের পুরোধা ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, নায়ক ফেরদৌস, নায়ক শাকিল খান, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী ও কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস। 

নীলফামারী-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন অভিনয় শিল্পী আসাদুজ্জামান নূর। এর আগে আসাদুজ্জামান একই আসন থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবার পর মন্ত্রীসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

চিত্রনায়ক ফেরদৌসকে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগ। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। ফেরদৌস বলেছেন, এত দিন পর্দার নায়ক ছিলাম, এখন মাঠের নায়ক। 

কণ্ঠশিল্পী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম আওয়ামী লীগ থেকে আবারও মনোনীত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়তে তাকে মনোনীত করেছে ক্ষমতাসীন দল। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য।

আওয়ামী লীগ থেকে অনেকে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে নির্বাচন করবেন। অভিনেতার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম। জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নির্বাচন করবেন এমন খবর আগে না জানা গেলেও হঠাৎ করেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন এ শিল্পী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার জন্মস্থান পাবনা-২ থেকে অংশ নেবেন তিনি।

তিনি রাজধানীর গুলশানে ‘বিএনএম’র কেন্দ্রীয় কার্যালয়ে ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সংগ্রহ করেছেন মনোনয়ন ফরমও। ডলি সায়ন্তী বলেন, ‘এ দলটি থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়। এরপর চিন্তা করলাম, প্রস্তাবটি মন্দ নয়। আমি যদিও এর আগে কখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয় হয়ে কাজ করিনি। রাজনীতির মাঠে আমি একেবারেই নতুন মুখ। আমি আশা করছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে আমি জয়ী হব। 

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ভোট করবেন। উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার ফারিহা তানজিন এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন শতাধিক সমর্থকরা। এরপর তিনি উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবে সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া প্রার্থনা করেন। নকুল কুমার বিশ্বাস বলেন, ‘সারাজীবন গানে গানে দেশের মানুষের পাশে ছিলাম। নির্বাচিত হয়ে জনসেবা করতে চাই।’

 

MB
আরও পড়ুন
সর্বশেষপঠিত