দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে এই খুশির দিনে দেশজুড়ে বৃষ্টির বাগড়া আসতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন সকাল থেকেই দেশের আটটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এই আশঙ্কার কথা জানান।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন সকালে ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির গতিপথ বদলাবে। দুপুরের দিকে বা দিনের পরবর্তী সময়ে চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, বৃষ্টি হলেও তা খুব বেশি সময় স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। সাধারণত এক ঘণ্টার বেশি সময় এই বৃষ্টি স্থায়ী হবে না। তবে বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে প্রবল বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি এবং দেশের কোনো কোনো স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ৫ দিনের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ২১ মার্চ (শনিবার) সারা দেশেই কমবেশি বৃষ্টি হবে। তবে উপকূলীয় অঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঝোড়ো আবহাওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে। ফলে ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়ার সময় সাথে ছাতা রাখা এবং প্রয়োজনে বিকল্প প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
ঈদের দিনসহ ৫ দিন আবহাওয়া যেমন থাকবে
