ঈদের ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

আপডেট : ২৬ মে ২০২৬, ০৯:৪৯ পিএম

গেল সপ্তাহজুড়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের দাপট থাকলেও এর মধ্যেই কয়েক দফা ভারী বৃষ্টিও হয়েছে। তবে মঙ্গলবারের বৃষ্টিপাত ছিল তুলনামূলক বেশি এবং বিস্তৃত।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় শুধু রাজধানী ঢাকাতেই ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই দিনে দেশের বিভিন্ন অঞ্চলেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে, ৬৯ মিলিমিটার।

সকাল থেকেই রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাত দেখা গেছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম ছিল।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, বিকেলের দিকে মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে সরে গেছে। ফলে দিনের বাকি সময়ে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

তবে বুধবার (২৭ মে) আবারও ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে বুধবার রাতে রাজধানীতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চলমান তাপপ্রবাহও কমে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া শুক্রবার (২৯ মে) দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৩০ মে) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের বিচ্ছিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

AS
আরও পড়ুন