বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার (১৪ জুন) রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে প্রবল বাতাস বইতে পারে। এ ঝড়ের প্রভাব পড়বে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আজ সকালের নিয়মিত বুলেটিনে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার (১৫ জুন) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর পাশাপাশি জলবায়ুর প্রভাবে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ঝড়-বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে ভ্যাপসা গরম থেকে নাগরিক জীবনে কিছুটা স্বস্তি মিলবে।