দেশের ১৫টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে এই ১৫টি অঞ্চলের সব নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ ১ নম্বর) নৌ সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।
ঢাকার আকাশ আংশিক মেঘলা, বজ্রসহ বৃষ্টির আভাস