ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:১৫ পিএম

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরেই দফায় দফায় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে ঈদুল আজহার দিনেও দেশের অনেক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই দিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, এরপর দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কমলেও চট্টগ্রাম অঞ্চলে তা বাড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, আগামী ১ বা ২ জুন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

তবে লঘুচাপটির গতিপথের ওপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বলে জানিয়েছেন তারা। যদি এটি মিয়ানমারের দিকে অগ্রসর হয়, তাহলে মূলত চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের দিকে এলে দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে।

AS
আরও পড়ুন