গত মাসে বাংলাদেশ নারী দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন তারকা ব্যাটসম্যান সোবহানা মোস্তারি।
টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। ২৪ বছর বয়সী এই ক্রিকেটার অফ স্পিন বোলিংয়ে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি উইকেটও নেন।
দারুণ এই পারফরম্যান্সের সুবাদে আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন মোস্তারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিস।
টুর্নামেন্টে আয়ারল্যান্ডের নেতৃত্ব দেন গ্যাবি লুইস, তার দলও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। জানুয়ারিতে ৬ টি-টোয়েন্টিতে তিনি ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫১ রান করেছেন। বিশ্বকাপ বাছাইয়ে তিনি মোট ২৭৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেন।
বিশ্বকাপ বাছাইয়ের পারফরম্যান্সের জন্যই মাসসেরার মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের টারা নরিস। বাঁহাতি এই পেসার ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। জানুয়ারিতে খেলা ৬ ম্যাচে ১১ উইকেট পান নরিস। তবে তার দল শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা পায়নি।
২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদা আক্তার। দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে আছেন সোবহানা মোস্তারি।

