ইফতার থেকে সেহরি: সুস্থ থাকতে কতটুকু পানি পান করবেন

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয়ে দাঁড়ায় পানি। বিশেষ করে এ বছর রমজান এমন এক সময়ে এসেছে যখন শীত বিদায় নিয়ে গরম পড়তে শুরু করেছে। দিনের বেলার বাড়তি তাপমাত্রা শরীরকে দ্রুত ক্লান্ত ও পানিশূন্য (ডিহাইড্রেট) করে তুলতে পারে। এ অবস্থায় সুস্থ থাকতে ইফতার থেকে সেহরি পর্যন্ত সঠিক নিয়মে পানি পানের পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা।

কতটুকু পানি পান করা জরুরি?

রাজধানীর মিরপুরভিত্তিক প্রতিষ্ঠান নিউট্রিলার্নবিডি-এর নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালট্যান্ট পুষ্টিবিদ রোকসানা তনু জানান, রমজানে শরীরকে সুস্থ ও হাইড্রেট রাখতে ইফতার থেকে সেহরির মধ্যবর্তী সময়ে প্রায় ১০ থেকে ১২ গ্লাস বা আনুমানিক ২ থেকে ৩ লিটার তরল গ্রহণ করা প্রয়োজন। তবে একবারে বেশি পানি পান না করে বিরতি দিয়ে অল্প অল্প করে পান করা শরীরের জন্য বেশি কার্যকর।

পরামর্শ: ৪-২-২-২ প্যাটার্ন

পানি পানের বিষয়টি সহজ করতে এবং শরীরের পানিশোষণ ক্ষমতা বাড়াতে তিনি একটি বিশেষ প্যাটার্ন অনুসরণের পরামর্শ দেন। যাকে বলা হচ্ছে ‘৪-২-২-২’ নিয়ম। এই পদ্ধতিটি হলো:

  • ইফতারের সময়: ৪ গ্লাস (একবারে নয়, ইফতার থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে)।
  • মাগরিবের পর: ২ গ্লাস।
  • রাতের খাবারের পর: ২ গ্লাস।
  • সেহরির সময়: ২ গ্লাস।

এই নিয়ম মেনে পানি পান করলে শরীর দীর্ঘ সময় সতেজ থাকে এবং হঠাৎ করে পেটে অস্বস্তি হওয়ার ঝুঁকি কমে।

কেন এই নিয়ম গুরুত্বপূর্ণ?

পুষ্টিবিদদের মতে, পর্যাপ্ত ও সঠিক পদ্ধতিতে পানি পান করলে রোজার সময় মাথা ঘোরা, মাথাব্যথা এবং অতিরিক্ত ক্লান্তি অনেকাংশে কমে যায়। এছাড়া শরীরের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, কিডনির সুস্থতা নিশ্চিত করা এবং হজম প্রক্রিয়া ঠিক রাখতে এই নিয়ম মেনে চলা জরুরি। বিশেষ করে ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাওয়ার পর হজমের সমস্যা এড়াতেও পানি পানের এই শৃঙ্খলা অত্যন্ত সহায়ক।

NB
আরও পড়ুন