সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে এই রোগের লক্ষণ শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে ছয়জনই ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর।

একই সময় ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। যার মধ্যে ৪৮৫ জনই ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু। যার ২৯০ জনই ঢাকা বিভাগের। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৬। যার মধ্যে ১৫৭ জনই ঢাকা বিভাগের।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৯৩৫ শিশু। ছাড় পাওয়া চট্টগ্রামের শিশু ঢাকার, ২৫৮ শিশু ঢাকার, ৭৯ শিশু খুলনার, ৯ শিশু ময়মনসিংহের, ৮৯ শিশু রাজশাহীর, ১৩ শিশু রংপুরের, ২৬ শিশু সিলেটের এবং ৫০ শিশু বরিশালের।

এর আগে গত রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ শিশুর।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত