হাম ও উপসর্গে একদিনে ৭ শিশুর মৃত্যু

আপডেট : ০৮ মে ২০২৬, ০৫:২৮ পিএম

সারাদেশে হাম ও এর উপসর্গের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই মরণব্যাধিতে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৪৯৪ জন শিশু।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে (সন্দেহজনক) আরও ৬ শিশু প্রাণ হারিয়েছে। একদিনে নতুন করে ২৮২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক রোগীর সংখ্যা ১ হাজার ২১২ জন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত দেশে হামের ভয়াবহতা চরমে পৌঁছেছে। এই অল্প সময়ের ব্যবধানে নিশ্চিত হামে ৫৮ জন এবং সন্দেহজনক হামে ২৮৫ জন- অর্থাৎ মোট ৩৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৪৬ হাজার ৭১০ জন শিশুর শরীরে হামের লক্ষণ দেখা গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৬ হাজার ৪৯০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন শিশু। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে ২৯ হাজার ১৫২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের হামের টিকা সময়মতো নিশ্চিত করা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

FJ
আরও পড়ুন