দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, সেখানে ৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৪১৫ জনের মৃত্যু হলো।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৩৪১ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত দুই মাসে হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে অনেক রোগী চিকিৎসাধীন থাকলেও এখন পর্যন্ত ৩১ হাজার ৯৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বিস্তার রোধে শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নজরদারি আরও জোরদার করেছে।
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু