হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৫:২০ পিএম

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) প্রকাশিত অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হাম জনিত উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও ৮৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Attr/AHA
আরও পড়ুন