বইমেলা আরও পিছিয়ে শুরু ২৫ ফেব্রুয়ারি, লাগবে না স্টল ভাড়া

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ পিএম

২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি। একইসঙ্গে প্রকাশকদের জন্য বড় সুখবর দিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর কোনো স্টল ভাড়া দিতে হবে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলা একাডেমিতে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে স্টল বিন্যাস ও আনুষঙ্গিক প্রস্তুতির কারণে পাঠকদের জন্য বই বিক্রির মূল আয়োজন শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে। এর আগে ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর কথা থাকলেও পরে তা ২১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয় এবং সর্বশেষ আজ তা আরও পিছিয়ে ২৫ ফেব্রুয়ারি করা হলো।

সংস্কৃতিমন্ত্রী বলেন,‘প্রকাশকদের আর্থিক চাপ কমাতে এবং বইয়ের বাজার চাঙ্গা করতে সরকার এবার স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই সবাই মিলে একটি সফল বইমেলা উপহার দিতে।’ সরকারের এই সিদ্ধান্তকে উপস্থিত প্রকাশকরা সাধুবাদ জানিয়েছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজার সঞ্চালনায় সভায় প্রকাশকরা মেলার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। মেলা পেছালেও প্রস্তুতি সম্পন্ন করে একটি মানসম্মত আয়োজন করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

FJ
আরও পড়ুন