ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাকিম চত্বরে দুই দিনব্যাপী ৩৬তম জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় কবিতা উৎসবের আয়োজনে ‘যুদ্ধ গণহত্যা সহে না কবিতা’ প্রতিপাদ্য ধারণ করে এ উৎসব শুরু হয়। এতে দেশ ও বিদেশের কবিরা অংশ নিয়েছেন, তারা কবিতা পাঠ করবেন।
এক ভিডিও বার্তায় কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। এতে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ। কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত ও জাতীয় কবিতা উৎসব ২০২৪ এর আহ্বায়ক শিহাব সরকার বক্তব্য রাখেন।
সকাল দশটায় শোভাযাত্রা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে নির্মলেন্দু গুণ বলেন, আমাদের অগ্রজ কবিরা যারা এতদিন আমাদের মাথার উপরে ছিলেন, তারা ক্রমে ক্রমে হারিয়ে গেছেন। বয়সের হিসেবে বাংলাদেশের জীবিত কবিদের মধ্যে আমার স্থান হলো দ্বিতীয়। আর আমার কবিবন্ধু মহাদেব সাহা আমার চেয়েও এক বছরের বড়। আমার মাথার ওপরে তিনি আছেন। সুস্থ থাকলে হয়তো উদ্বোধন তিনি করতেন।
এবারের উৎসবে কয়েকটি দেশের কবিরা অংশ নিয়েছেন। তারা হলেন- ভারতের কলকাতা থেকে সুবোধ সরকার, বিথী চট্টোপাধ্যায়, বিভাস রায় চৌধুরী, ত্রিপুরা থেকে রাতুল দেব বর্মন, দীলিপ দাস, আকবর আহমেদ, আসামের কবি অনুভব তুলাসি এবং চন্দ্রিমা দত্ত। এছাড়াও ফিলিপাইনের কবি ও বর্তমানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত লিও টিটো এল আসান জুনিয়র, নেপালের চাবিলাল কপিলাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।