চারুকলায় ‘ঘনঘটা ২’: ছাতা নয়, বর্ষা উপভোগের আহ্বান

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

বর্ষাকে নৃত্য, সংগীত ও কবিতার আবহে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নৃত্য উৎসব ঘনঘটা ২। আগামী শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেবেন ৩ থেকে ৭০ বছর বয়সী তিন শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। আয়োজনটি যৌথভাবে করছে অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

খোলা আকাশের নিচে অনুষ্ঠিতব্য এ উৎসবে বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণই প্রধান আকর্ষণ। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী ও গৃহিণীসহ নানা পেশার মানুষ নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠবেন।

উৎসবের পরিচালক অর্থী আহমেদ বলেন, “ঘনঘটা শুধু একটি নৃত্য প্রযোজনা নয়, বরং এটি নতুন করে শুরু করার উৎসব। এখানে বয়স কোনো বাধা নয়; মনের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নকে ডানা মেলার সুযোগ তৈরি হয়।”

গত বছর একই স্থানে ১১০ জন শিল্পীকে নিয়ে ‘ঘনঘটা’র প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। আয়োজকদের দাবি, অংশগ্রহণ ও পরিসর-দুই দিক থেকেই এবারের আয়োজন আগের তুলনায় অনেক বড়।

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে দর্শকদের জন্যও বিশেষ অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। উৎসবে অংশ নিতে সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি পরার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি খোলা আকাশের এই আয়োজনের পরিবেশ অক্ষুন্ন রাখতে ছাতা ব্যবহার না করার অনুরোধও জানানো হয়েছে।

আয়োজকদের আহ্বান, বর্ষার আবহকে ধারণ করে বৃষ্টির গান, নাচ ও কবিতার সঙ্গে একাত্ম হতে দর্শকেরা যেন ছাতা ছাড়াই অনুষ্ঠানে অংশ নেন।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে উৎসবে। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অনুষ্ঠানস্থলে ‘জাগো ফাউন্ডেশন’-এর একটি অনুদান বুথ থাকবে। সেখানে উপস্থিত দর্শনার্থীরা সরাসরি ত্রাণ কার্যক্রমের জন্য অনুদান দিতে পারবেন।

NM/YA
আরও পড়ুন