সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাড়ছে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার (রেট) বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এ সংক্রান্ত এক প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সম্মতির পর রোববার (৮ ফেব্রুয়ারি) রাতেই অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এ বিষয়ে আদেশ জারি করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী,  (ক) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৬,০০০ থেকে ৭,০০০ হলে বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা।
প্রচার সংখ্যা ৭,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৭ টাকা হারে বাড়বে।
প্রচার সংখ্যা ৩০,০০১ থেকে ৫০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বাড়বে।
প্রচার সংখ্যা ৫০,০০১ থেকে ৯০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বাড়বে।
প্রচার সংখ্যা ৯০,০০১ থেকে ঊর্ধ্বে হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৪ টাকা হারে বাড়বে, সর্বোচ্চ ১১০০ টাকা।

(খ) ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর ব্যতীত অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪,০০০ থেকে ৫,০০০ হলে বিজ্ঞাপনের হার ৪২০ টাকা।
প্রচার সংখ্যা ৫,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বাড়বে।
প্রচার সংখ্যা ৩০,০০১ থেকে ৫০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বাড়বে।
প্রচার সংখ্যা ৫০,০০১ ও তদূর্ধ্ব হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৪ টাকা হারে বাড়বে, সর্বোচ্চ ৮৫০ টাকা।

(গ) জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র:
সংবাদপত্রের প্রচার সংখ্যা ৩,০০০ থেকে ৪,০০০ হলে বিজ্ঞাপনের হার ৪০০ টাকা।
প্রচার সংখ্যা ৪,০০১ থেকে ৩০,০০০ হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৬ টাকা হারে বাড়বে।
প্রচার সংখ্যা ৩০,০০১ ও তদূর্ধ্ব হলে বিজ্ঞাপনের হার প্রতি হাজারে ৫ টাকা হারে বাড়বে, সর্বোচ্চ ৮০০ টাকা।

একইভাবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধ সাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর পাশাপাশি জেলা শহর ও অন্য স্থান থেকে প্রকাশিত পত্রিকার বিজ্ঞাপন মূল্যহার বাড়ানোর বিষয়েও সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে বিজ্ঞাপনের মূল্যহার বাড়ানোর উদ্যোগ নেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তারা এ বিষয়ক প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। 

অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন কিছুদিন আগে তাদের প্রস্তাব জমা দেয়। কমিশন ১১০টি সুপারিশ করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল- সরকারি বিজ্ঞাপনের হার বেসরকারি বিজ্ঞাপনের তুলনায় অনেক কম। এই বৈষম্য কমাতে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার বাজারভিত্তিক করার কথা বলা হয়।

এই সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত সচিবকে (সম্প্রচার ও প্রেস) সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির বৈঠকে ২০১৯ সালে নির্ধারিত সর্বশেষ মূল্যহার পর্যালোচনা করা হয়। সংবাদপত্র প্রকাশে কাঁচামালসহ অন্য ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যমান মূল্যহার যৌক্তিকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নতুন মূল্যহার নির্ধারণে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হলে অর্থ মন্ত্রণালয় তাতে সম্মতি দেয়। 

FJ
আরও পড়ুন