কালো রঙের লম্বা কুর্তা–পায়জামা ও মাথায় টুপি পরা দুই তরুণ। তাদের হাতে বড় দুটি বন্দুক। ফেসবুকে এমন একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, প্রকাশ্য স্থানে অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দেওয়া হচ্ছে।
তবে যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে মহড়ার কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। এটি কনটেন্ট ক্রিয়েটরের তৈরি একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও।
মূল ভিডিওর সন্ধান
এ বিষয়ে অনুসন্ধানে ‘Waffi Limon’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২০ আগস্ট প্রকাশিত একই ভিডিওর সন্ধান পাওয়া যায়। মূল ভিডিওটির দৃশ্য, ভিডিওতে থাকা ব্যক্তিদের পোশাক ও আশপাশের পরিবেশের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
একই ভিডিওটি তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রকাশ করেন। পোস্টটির মন্তব্যের ঘরে তিনি জানান, ভিডিওটি কেবল ‘cosplay’ বা সাজানো উপস্থাপনা। অন্যদের করা ‘Afghan trend’ থেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য নকল বন্দুক ব্যবহার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনীত একাধিক ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়। এসব ভিডিওতে তাকে বিভিন্ন চরিত্র ও পরিস্থিতিতে অভিনয় করতে দেখা যায়।
অর্থাৎ, ভিডিওটি বাস্তব কোনো অস্ত্র মহড়ার দৃশ্য নয়। এটি নকল বন্দুক ব্যবহার করে তৈরি একটি সাজানো ভিডিও, যেটিকে প্রকাশ্য স্থানে অবৈধ অস্ত্র নিয়ে মহড়ার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।