রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৭ লাখের বেশি পোস্টাল ব্যালট

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ও ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ৭ লাখ ৩০ হাজার ৭৩ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। 

ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৮ হাজার ২৩৩ টি পোস্টাল ব্যালট। এরমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৫ লাখ  ২ হাজার ৪৮৭ জন প্রবাসী। আর রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ১৯ হাজার ৯১৯ টি।

ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে, ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ টি ব্যালট। এরমধ্যে গ্রহণ করেছেন ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার। ভোট দিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ৫  লাখ ৪০৮ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৩ লাখ ১০ হাজার ১৫৪ টি।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)।

AHA
আরও পড়ুন