আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে ডাক বিভাগের (ডাক অধিদপ্তর) যানবাহনকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালট নিরাপদ ও সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
ইসির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং প্রবাসে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য প্রথমবারের মতো ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে’ ভোটদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব পোস্টাল ব্যালটগুলো দ্রুততম সময়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছানোর দায়িত্ব পালন করছে ডাক অধিদপ্তর।
উল্লেখ্য, ইতিপূর্বে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পোস্টাল ব্যালট পরিবহনের গুরুত্ব বিবেচনা করে ডাক বিভাগের গাড়িগুলোকে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ভোটের দিন সারাদেশে ডাক বিভাগের গাড়িগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, যা ব্যালট পেপার পৌঁছানোর প্রক্রিয়াকে গতিশীল করবে।
এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল
যে সময় পর্যন্ত বন্ধ থাকবে সব স্থলবন্দর ইমিগ্রেশন