ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত, চীন ও পাকিস্তানসহ বিশ্বের ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের বিশাল আয়োজন করা হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন এবং নিরাপত্তা ও প্রটোকল সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রিসভার শপথের আগে আগামী সোমবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। একই দিন সন্ধ্যায় বর্তমান মন্ত্রিপরিষদের আনুষ্ঠানিক বিদায় ও আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দেশজুড়ে নতুন সরকার গঠন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমন্ত্রিত দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান এবং অন্যতম উন্নয়ন সহযোগী চীন। বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো কাজ করে যাচ্ছে।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত 
