দীর্ঘ ২০ বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সচিবালয়ের ১ নম্বর নতুন ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আধুনিক দপ্তরে তিনি প্রথম দিনের মতো আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তাঁর দপ্তরে পৌঁছানোর পর মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ বিকেল ৩টায় ১ নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ কক্ষে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এখানে সরকারের প্রাথমিক অগ্রাধিকার ও লক্ষ্যগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে বলে জানা গেছে। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। প্রশাসনের কার্যক্রমে গতি আনা এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিতে পারেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের বরণ করে নিতে সচিবালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে সেখানে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক বসানো হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা ফুল হাতে নতুন মন্ত্রীদের বরণ করতে প্রস্তুত রয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। ১ নম্বর ভবন ঘিরে এসএসএফ, সেনাবাহিনী, পুলিশ, পিজিআর ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ভবনে প্রবেশের সময় পরিচয়পত্র যাচাই এবং আর্চওয়ের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। র্যাব ও সেনাবাহিনীর ডগ স্কোয়াড দিয়ে পুরো ভবনটি তল্লাশি করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে বাংলাদেশে বিএনপির নেতৃত্বে চতুর্থবারের মতো সরকার গঠিত হলো এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
