নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমসহ সকল বেসরকারি গণমাধ্যমে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে। সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের সকল বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাষণটি লাইভ দেখা যাবে। ধারণা করা হচ্ছে, তাঁর প্রথম এই ভাষণে রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ দিকনির্দেশনা থাকবে।
বুধবার সকাল থেকে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।
সাভার থেকে ফিরে দুপুর ১২টার দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম বিশেষ নীতিনির্ধারণী বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে তাঁর মতবিনিময় করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রথম কার্যদিবস উপলক্ষে সচিবালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ১ নম্বর ভবনটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়া ও বেগম জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
