বিগত ১৭ বছরে যারা গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ স্মরণে রেখেই মন্ত্রণালয় পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অঙ্গীকার করেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম অফিস করতে এসে মো. আসাদুজ্জামান বলেন, ‘আইন মন্ত্রণালয় চালানো একটি বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অপশাসন ও অন্যায়ের পর বর্তমান সরকারের কাছে মানুষের পাহাড় সমান প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা পূরণে আমরা নিরন্তর কাজ করে যাবো।’
তিনি আরও জানান, বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেয় নতুন সরকার। এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। আজ বুধবার থেকে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমমন্ত্রীরা দাপ্তরিক কাজ শুরু করেছেন।
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন করা হবে: ফখরুল
