মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানাবেন তিনি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজ বিএনপির মিডিয়া সেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) দিবাগত রাত ১২টা ০১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী।
এর আগে মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ২১ ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনার এলাকায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি-বিচ্যুতি ঘটেনি। আশা করছি এখানেও হবে না। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় স্বেচ্ছাসেবক ও ১৫ হাজার পুলিশ সদস্য শহীদ মিনার ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করবেন।’
এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। পাশাপাশি দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে র্যাব মহাপরিচালক বলেন, ভবিষ্যতে পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশাবাদী। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্নিত হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
একুশে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: র্যাব ডিজি
শহীদ মিনারে নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: ডিএমপি
