বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের দুই জন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচ জন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি উপসচিব মো. মনিরুজ্জামান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা।
প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের এপিএস মো. ইব্রাহিম খলিল।
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের এপিএস মো. জুনাইদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের এপিএস মো. আল মামুন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনামের এপিএস মো. শরীফুল ইসলাম।
এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।
এপিএস নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী তাদের পদায়ন করা হয়েছে। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ যতদিন তাদের পদে বহাল থাকবেন অথবা যতদিন এদেরকে এপিএস পদে রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।

